19/08/2026
সুত্র: বিএসিউ/পিআর/২০/৮/৬
তারিখ: ২০ আগষ্ট, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
রাজু ভাস্কর্যের সামনে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য; প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসীদের হামলা
ছাত্র ইউনিয়নের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, "বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, গতকাল , ১৯ আগস্ট, ২০২৬, আনুমানিক রাত ৯.০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের মিছিলে অংশ নিতে আসা কয়েকজন নিপীড়ক ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানালে হেনস্তাকারীরা তাদের ওপর হামলা করে। গুরুতরভাবে আহত হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, শিমুল কুম্ভকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মো: মোস্তাকিম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অন্তু অরিন্দম।"
তিনি আরো বলেন, "একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মুক্ত রাজনৈতিক পরিসর হওয়ার কথা। অথচ নিপীড়করা ক্যাম্পাসে প্রবেশ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য এবং পরবর্তীতে সংঘবদ্ধ হামলার ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে। বিশেষত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনা নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে প্রশাসনের দায়িত্বহীনতাকে আরও স্পষ্ট করে তুলেছে।"
তিনি আরো বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীদের প্রতি অবমাননাকর আচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য এবং রাজনৈতিক কর্মসূচির আড়ালে সন্ত্রাসীদের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম মৌলিক দায়িত্ব। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে। একইসঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে নিপীড়ক ও সন্ত্রাসীদের অনিয়ন্ত্রিত প্রবেশ ও ক্যাম্পাসে সংঘবদ্ধ হামলা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও বহিরাগত সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা প্রশাসনের দ্রুত, কার্যকর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একইসঙ্গে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে আমরা সকল শিক্ষার্থী ও প্রগতিশীল গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
বার্তা প্রেরক,
আমিনুল ইসলাম ইমন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন