11/08/2026
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ (NTRCA)-এর পরিবর্তে পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে আত্মঘাতী প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে আলোচিত হচ্ছে, তা নিয়ে আজ পুরো দেশবাসীকে গভীরভাবে ভাবতে হবে। এই প্রস্তাব এখনো চূড়ান্ত না হলেও, মন্ত্রণালয়ের বদ্ধ কক্ষে এমন অপপ্রয়্যাস আলোচনায় আসাই আমাদের শিক্ষাব্যবস্থার জন্য এক চরম অশনি সংকেত।
এনটিআরসিএ-র শক্ত পরিসংখ্যানই বলে দেয় এই প্রতিষ্ঠান কতটা কঠোর ও সুনির্দিষ্ট মেধা-যাচাইয়ের ভেতর দিয়ে শিক্ষক নির্বাচন করে। বিগত ১৭টি নিবন্ধন পরীক্ষায় সম্মিলিতভাবে উত্তীর্ণের হার ছিল মাত্র ৬.৮৪ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন প্রার্থীর মধ্যে ৭ জনেরও কম প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছেন। এমনকি সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ১৮ লাখ ৬৬ হাজার প্রার্থী আবেদন করলেও, সব ধাপ পেরিয়ে সুপারিশ পাওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র ৪১ হাজার জন—যা মোট আবেদনকারীর ২ শতাংশেরও কম!
এত কঠিন ও স্বচ্ছ যাচাই-বাছাই পেরিয়ে যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন, তাদের বাদ দিয়ে আবার যদি ম্যানেজিং কমিটির 'ঘুষ ও স্বজনপ্রীতি'-র হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, তবে এই মেধাভিত্তিক ব্যবস্থার পুরো অর্জনটাই মাটিতে মিশে যাবে। ১০-১৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের পুরোনো পথ খুলে দেওয়ার এই চক্রান্ত আসলে লাখো বেকার শিক্ষিত তরুণের ভবিষ্যৎ নিয়ে চরম ছিনিমিনি খেলার শামিল।
যে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ-র নেতৃত্ব দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা টিকিয়ে রাখতে ব্যর্থ হয়ে এমন ধ্বংসাত্মক প্রস্তাবনার পথ খুলে দিচ্ছে, তাদের নৈতিক অবস্থান আজ বড় প্রশ্নের মুখে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব যদি এই প্রস্তাবনার পেছনের দায় এড়াতে না পারেন, তবে নৈতিক দায়বদ্ধতা থেকেই তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি—ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাব অবিলম্বে বাতিল করে এনটিআরসিএ-র মাধ্যমেই শতভাগ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু রাখতে হবে। একইসাথে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা দূর করে প্রতি বছর নিয়মিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একটি ইনসাফভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ার স্বার্থে আমরা রাজপথ থেকে সংসদ—সব জায়গায় সোচ্চার থাকব।
- মোহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা মহানগরী উত্তর
মেয়র প্রার্থী, উত্তর সিটি কর্পোরেশন
#মিলন #শিক্ষামন্ত্রী #শিক্ষাখাত
#নিয়োগবানিজ্য #বিএনপি