01/05/2026
🚩 মে দিবস
আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। রক্তস্নাত ইতিহাস আর অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের সেইসব অকুতোভয় বীর শহীদদের, যাঁরা আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিজেদের বুকের রক্ত দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার লড়াইকে অমর করে রেখে গেছেন।
কমরেড, মে দিবস শুধু ক্যালেন্ডারের পাতায় একটি ছুটির দিন নয়। এটি শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। একসময় শ্রমিকদের কোনো নির্দিষ্ট কাজের সময়সীমা ছিল না, তাদের পশুর মতো খাটানো হতো। শিকাগোর শ্রমিকরা আওয়াজ তুলেছিলেন—'৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন'। সেই ন্যায্য দাবির কণ্ঠরোধ করতে শাসকশ্রেণি গুলি চালিয়েছিল, ফাঁসির মঞ্চে তুলেছিল শ্রমিক নেতাদের। কিন্তু তাঁরা হাসিমুখে মৃত্যুকে বরণ করে প্রমাণ করে গেছেন, বুলেটের জোর মানুষের ন্যায্য দাবির চেয়ে বড় হতে পারে না।
আজ এত বছর পরেও মে দিবসের প্রাসঙ্গিকতা একটুও কমেনি। আজ আমরা দেখছি, বিশ্বজুড়ে এবং আমাদের দেশেও শ্রমজীবী মানুষের অধিকার বারবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কলকারখানা বন্ধ হচ্ছে, কাজের নিরাপত্তা নেই, এবং অর্জিত অধিকারগুলোকে আইনের মারপ্যাঁচে খর্ব করা হচ্ছে। এর পাশাপাশি ছাত্র ও যুব সমাজও আজ এক গভীর সংকটের মুখে—সবার জন্য শিক্ষা এবং সম্মানজনক কর্মসংস্থানের দাবি আজ এই লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ।
তাই আজকের এই দিনে আমাদের নতুন করে শপথ নিতে হবে। শিকাগোর শহীদদের রক্তে রাঙানো লাল পতাকাকে সাক্ষী রেখে আমাদের অঙ্গীকার করতে হবে যে, মেহনতি মানুষের ঐক্য আমরা কোনোভাবেই ভাঙতে দেব না। ছাত্র, যুব, কৃষক ও শ্রমিকের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই রুখে দিতে হবে সমস্ত শোষণ ও বঞ্চনাকে।
আসুন, শহীদদের অসমাপ্ত লড়াইকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করি।
শহীদ স্মৃতি অমর হোক
দুনিয়ার মজদুর এক হও
#ইনকিলাব_জিন্দাবাদ