22/05/2022
আর ওয়াই এফ-এর প্রতিবাদ সভায় হামলা তৃণমূলের...
আজ আর ওয়াই এফ কোস্টাল লোকাল কমিটির পক্ষ থেকে গোসাবার লাক্সবাগানে
★ বেআইনী ভাবে সুন্দরবনের নদীচড় দখল করার বিরুদ্ধে
★ পশ্চিমবঙ্গে নিযোগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে
★ অবিলম্বে পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, অন্যান্য সকল দপ্তরের সাথে সাথে প্রাইমারী, আপার-প্রাইমারী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের চাকরিপ্রার্থীদের স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে
★ জিনিসপত্রের অস্বাভাবিক ভাবে বেড়ে চলা দাম কমানোর দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়।
রাজ্য জুড়ে চলা এসএসসি দুর্নীতি কাণ্ডে যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং ইতিপূর্বে বিদ্যালয় শিক্ষার সর্বস্তরের যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের পাশাপাশি পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, পৌরসভা, পঞ্চায়েত, কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাজ্য সরকারের সকল দপ্তরে স্থায়ী লোক নিয়োগের যে সকল বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের স্বচ্ছতার সাথে অবিলম্বে নিয়োগ করার দাবিতে, দেশ ও রাজ্য জুড়ে সকল জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, ওষুধ প্রমুখ দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ক্রমাগত অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আরও কম করার দাবিতে এই সভায় সোচ্চার হন গোসাবার প্রাক্তন বিধায়ক কমরেড চিত্তরঞ্জন মণ্ডল, আর ওয়াই এফের সর্বভারতীয় সহ সম্পাদক কমরেড আদিত্য জোতদার, রাজ্য কাউন্সিল সদস্য কমরেড সুবোধ মণ্ডল ও আর এস পি কোস্টাল লোকাল সম্পাদক কমরেড মনোরঞ্জন ঘোড়ুই, আর ওয়াই এফ গোসাবা কোস্টাল লোকালের সম্পাদক কমরেড কমরেড নিখিল মণ্ডল, সভাপতি কমরেড বিধান মণ্ডল প্রমুখরা। বক্তাদের ব্যক্তব্যে বেশি গুরুত্ব পায় সুন্দরবনের বেআইনি নদী চর দখল। আদিত্য জোতদার বলেন "তৃণমূলের স্থানীয় নেতারা কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সুন্দরবন বাসীর সর্বনাশ করতে চাইছে।" কমরেড আদিত্য যখন বক্তব্য রাখছেন তখন স্থানীয় তৃণমূল বাহিনী তাকে বক্তব্য বন্ধ করতে বলে, তাদের কথায় কর্ণপাত না করে কমরেড আদিত্য তার কথা বলে যেতে থাকলে ঐ দুষ্কৃতীরা মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। সভায় উপস্থিত আর ওয়াই এফ-এর তিরিশ জন কমরেড প্রথমেই দুষ্কৃতীদের চোখে চোখ রেখে স্পর্ধার সাথে রুখে দাঁড়ান, এরপরেই লাক্সবাগান বাজারে উপস্থিত প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ সম্মিলিতভাবে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর বিরুদ্ধে প্রতি আক্রমণের মেজাজে রুখে দাঁড়ালে ঐ গুন্ডাবাহিনী সরে যায়।
গোসাবা ব্লকের লাহিড়িপুর অঞ্চলের লাক্সবাগান বাজারের সাধারণ মানুষ ও আর ওয়াই এফ-আর এস পি-র কমরেডদের পাল্টা প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় মনোভাবের কারণেই কমরেড চিত্তরঞ্জন মন্ডল, কমরেড মনোরঞ্জন ঘোরুই, কমরেড আদিত্য জোতদার সহ সকল নেতৃত্বকে কোনও অঘটনের সম্মুখীন হতে হয়নি।
আর ওয়াই এফ পঃ বঃ রাজ্য কমিটি লাক্সবাগান অঞ্চলের অকুতোভয় সাধারণ মানুষজনকে, আর এস পি ও আর ওয়াই এফ-এর সকল কমরেডদের এই বৈপ্লবিক স্পর্ধা দেখানোর জন্য বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে। আগামীদিনে উপরি উল্লিখিত দাবির ভিত্তিতে আর ওয়াই এফ কোস্টাল ও গোসাবা লোকাল কমিটি পুরো গোসাবা ব্লক জুড়ে প্রচার অভিযানের পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নিতে চলেছে.......