08/09/2026
সুর, ছন্দ আর নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধনে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করল আলো অ্যাকাডেমির বসিরহাট ও বারাসাত শাখার শিক্ষার্থীরা। নাচ, গান, আবৃত্তি আর সুচিন্তিত বক্তব্যের বর্ণিল আবহে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রাণের স্পন্দনে।
অনুষ্ঠানের গরিমা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল আলো অ্যাকাডেমির প্রাক্তনীদের উপস্থিতি, যাঁরা আজ প্রতিষ্ঠিত বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পদে। শিকড়ের টানে ফিরে এসে তাঁদের দেওয়া প্রেরণাদায়ী ও দিকনির্দেশনামূলক বক্তব্য বর্তমান শিক্ষার্থীদের মনে আত্মপ্রত্যয় ও নতুন স্বপ্নের বীজ বুনে দেয়।
ছাত্র-ছাত্রীদের এই মঞ্চেই আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক মহতী সংবর্ধনা পর্ব। সম্মাননা জানানো হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের (২০২৫ ও ২০২৬) মেধার আলো ছড়ানো কৃতি সন্তানদের। একই সাথে আর্থিক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ‘সুভাষ কুণ্ডু স্কলারশিপ’ ও প্রয়োজনীয় গ্রন্থসামগ্রী—যা তাঁদের জ্ঞানতপস্যায় এক বলিষ্ঠ আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। রাষ্ট্র, সমাজ ও নাগরিক দায়বদ্ধতা নিয়ে নিজস্ব পরিণত ভাবনা তুলে ধরে উপস্থিত সকলকে মুগ্ধ করে ২০২৩-এর মাধ্যমিক ও ২০২৫-এর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থানাধিকারী অর্ক মণ্ডল এবং সুচেতনা রায়ের মতো বসিরহাটের কৃতী নক্ষত্ররা।
অনুষ্ঠানের অন্তিম লগ্নে ছাত্র ও শিক্ষকদের যৌথ সৃজনশীলতায় মঞ্চস্থ হয় নাটক ‘ছয় কাপ চা’। চায়ের পেয়ালার আড্ডার ছলে সমসাময়িক সমাজব্যবস্থার অসংগতি, টানাপোড়েন আর নির্মম বাস্তবতাকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয় এই নাটকে, যা দর্শকদের গভীরভাবে ভাবিয়ে তোলে।
কেবল বৈষয়িক প্রতিষ্ঠা বা পেশাগত সাফল্যই শিক্ষার চরম লক্ষ্য হতে পারে না—বরং ইউনেস্কো বর্ণিত 'Learning To Be'-র মূল সুরটি ধারণ করে সংবেদনশীল মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক অঙ্গীকার, তারই দীপ্ত প্রতিধ্বনির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আলো অ্যাকাডেমির এই অনন্য আয়োজনের।
AALO Educational Cultural & Social Welfare Trust & AALO ACADEMY
Reg: 190200120