25/09/2026
জনসংযোগ/হাইলাকান্দি
হাইলাকান্দিতে অসংগঠিত ক্ষেত্র সমীক্ষা শুরু
হাইলাকান্দি: হাইলাকান্দি জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (NSO) নির্দেশনায় এবং আসাম সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের উদ্যোগে হাইলাকান্দি সহ সমগ্র রাজ্যে 'অসংগঠিত ক্ষেত্র সমীক্ষা' (Annual Survey of Unincorporated Sector Enterprises - ASUSE) ২০২৫-২৬ শুরু হয়েছে।
এই সমীক্ষার মূল উদ্দেশ্য হলো উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে নিয়োজিত অ-নিগমিত ও অ-কৃষি প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থান এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (GSDP) তাদের অবদান সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচিত জেলার নির্দিষ্ট কিছু গ্রাম এবং শহরাঞ্চলের ওয়ার্ড/ইউএফএস (UFS) ব্লকে এই সমীক্ষা চালানো হবে। অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের বৈধ পরিচয়পত্রধারী প্রশিক্ষিত তথ্য সংগ্রাহক (Enumerator) ও সুপারভাইজারগণ নির্বাচিত এলাকার প্রতিটি ক্ষুদ্র শিল্প, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিষেবা কেন্দ্রে গিয়ে নির্ধারিত প্রশ্নাবলীর মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।
জেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে জেলার সমস্ত ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, স্ব-সহায়ক গোষ্ঠী (SHG) এবং সাধারণ নাগরিকদের তথ্য সংগ্রাহকদের সঠিক তথ্য প্রদান করে পূর্ণ সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, সংগৃহীত সমস্ত তথ্য 'পরিসংখ্যান সংগ্রহ আইন, ২০০৮' অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে। এই তথ্য শুধুমাত্র জাতীয় ও রাজ্যভিত্তিক পরিকল্পনা ও পরিসংখ্যান প্রণয়নের কাজে ব্যবহৃত হবে। এর সাথে কর (Tax) নির্ধারণ বা অন্য কোনো আইনি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই।
তথ্য সংগ্রাহকদের পরিচয় যাচাইকরণ বা সমীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হাইলাকান্দির অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের উপ-সঞ্চালকের কার্যালয়ে অথবা ৭০০২১৫৫০২৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।