28/02/2025
জনাব সেলিম উদ্দিন চৌধুরী (সেলিম চৌধুরী) সাহেবের ইন্তেকালের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও শোকস্তব্ধ। আলগাপুর, সৈয়দবন্ধের বাসিন্দা এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি শুধু তাঁর এলাকায় নয়, গোটা সমাজে এক অনন্য প্রতিভা ও মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যু আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই দুঃখের মুহূর্তে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন!
কিছু মানুষের সঙ্গে দেখা হওয়ার প্রথম মুহূর্তেই মনে হয়, যেন তাদের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। প্রথম কথায়, প্রথম হাসিতে, প্রথম দেখাতেই তৈরি হয় একটি অদৃশ্য বন্ধন। হয়তো কয়েক ঘণ্টার আলাপ, কয়েক দিনের পরিচয়, অথবা কয়েক মুহূর্তের সান্নিধ্য—এতটাই গভীর প্রভাব ফেলে যে, মনে হয় যেন সেই মানুষটি আমাদের জীবনে বহুদিন ধরে ছিলেন। গত বছরের শেষের দিকে করিমগঞ্জের নির্বাচন এর আবহাওয়ায় ঘটনাচক্রে আমার দেখা হয় আলগাপুর, সৈয়দবন্ধের বাসিন্দা এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সেলিম উদ্দিন চৌধুরী (সেলিম চৌধুরী) সাহেবের সঙ্গে। বিষয়েঃ করে উনার ছেলে সাহিলের মাধ্যমেই পরিচয় । জীবনের একটি নির্দিষ্ট সময়ে আমরা এমন কাউকে পাই, যিনি আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সঙ্গ দেন। এই সময় এবং প্রেক্ষাপট দুজন মানুষকে দ্রুতই একে অপরের কাছে নিয়ে আসে।
কিছু মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা খুব সহজ হয়। তাদের সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে কোনো কৃত্রিমতা বা চাপ থাকে না। সেলিম চৌধুরী ছিলেন এমনই এক মানুষ – উনার মধ্যে একটি অন্তর্নিহিত ভালোবাসা ও সংযোগের প্রবণতা রয়েছে। উনি দ্রুতই আমাকে আপন করে নেন – শারীরিক দুর্বলতা সত্বেও আমাকে নিয়ে ভিন্ন জায়গায় যান, বিভিন্ন জনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিছুদিনের মধ্যেই আমার এক ঘরোয়া টিম তৈরি করে ফেলি যারা আমাকে জেলার আনাচে কানাচে নিয়ে যান। যদিও পরে আমার আর নির্বাচনের ময়দানে নামতে হয় নয়, কিন্তু উনার সঙ্গে যোগাযোগ ছিল, অনেক দিন খবর নিতেন। দলের মনোনয়ন পাওয়া নিয়ে আমার থেকেও বেশি তিনি হতাশ গিয়েছিলেন।
সেলিম চৌধুরী সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও সুসম্পর্কপূর্ণ। তিনি ছিলেন অমায়িক, সদালাপী এবং মানুষের প্রতি গভীর মমত্ববোধ সম্পন্ন একজন ব্যক্তি। তাঁর সহজ-সরল আচরণ ও নিঃস্বার্থ পরোপকারী মনোভাব তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান ছিল প্রশংসনীয় এবং তিনি সবসময় ন্যায় ও সত্যের পক্ষে অবিচল ছিলেন। তাঁর মতো ব্যক্তিত্বের অভাব আমাদের সমাজে দীর্ঘদিন অনুভূত হবে।
আজ এই মুহূর্তে দেশের আরেক প্রান্তে থাকায় এই দুঃসংবাদ আরও বেশি পীড়া দিচ্ছে। এই ধরনের সময় আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের মধ্যে সংযোগ কতটা গভীর এবং অর্থপূর্ণ হতে পারে। আমরা যখন এমন কাউকে পাই, যিনি অল্প সময়েই আমাদের হৃদয়ের কাছাকাছি চলে আসেন, আবার যখন সেই মানুষকেই হারিয়ে ফেলি, তখন আমরা বুঝতে পারি যে তাদের না থাকার শূন্যতা।
মহান আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, তিনি যেন মরহুমের রূহকে মাগফিরাত দান করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদায় আসীন করেন। মরহুমের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমিন।
সেলিম চৌধুরী সাহেবের স্মৃতি আমাদের মাঝে চিরভাস্বর থাকুক, এই কামনা করি।