18/09/2026
কিছু প্রতীক কাগজে আঁকা থাকে, আর কিছু প্রতীক মানুষের হৃদয়ে লেখা থাকে। আমার কাছে ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে তাঁর দীর্ঘ সংগ্রাম, অসংখ্য ত্যাগ, মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়া এবং অন্যায়ের সামনে মাথা নত না করার অদম্য সাহস।
এই প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য পরিবারের জীবন, স্মৃতি এবং আবেগ। আমার বাবা সাধন পাণ্ডে তাঁর নয়বারের রাজনৈতিক লড়াইয়ের মধ্যে চারবার এই প্রতীকের ছায়ায় লড়াই করেছিলেন। তাঁর নিথর দেহের উপর যে তৃণমূল কংগ্রেসের পতাকা রাখা হয়েছিল 💔 সেই দৃশ্য আমাদের পরিবারের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। আমার মায়ের বিধায়ক হওয়ার সম্মানও এই প্রতীকের সঙ্গেই জড়িয়ে আছে। আর এই প্রতীকের ছায়াতেই আমি আমার জীবনের প্রথম লড়াইয়ের সুযোগ পেয়েছিলাম 💚 তাই এই ফুল আমাদের কাছে শুধুমাত্র একটি নির্বাচনী প্রতীক নয়; এটি আমাদের জীবনের সঙ্গে মিশে থাকা এক গভীর অনুভূতি এবং উত্তরাধিকার।
এই প্রতীক অসংখ্য মানুষকে পরিচয় দিয়েছে, আত্মসম্মান দিয়েছে, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। আমাদের শিখিয়েছে গর্ব করে বলতে “আমার সবচেয়ে বড়, আমার সবচেয়ে প্রিয় পরিচয়, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী।” এই পরিচয়ের মধ্যে রয়েছে তাঁদের পরিশ্রম, তাঁদের বিশ্বাস, মানুষের পাশে থাকার অঙ্গীকার এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্ক।
আমাদের কর্মীরা শুধু হাতে পতাকা বহন করেন না, তাঁরা সেই পতাকাকে বুকের ভেতর ধারণ করেন। সেই পতাকা জানে তাঁদের ঘাম, নির্ঘুম রাত, মানুষের জন্য ছুটে চলা, নীরব ত্যাগ, আনন্দ, চোখের জল এবং কাউকে না বলা অসংখ্য কষ্টের কথা। কত কর্মী তাঁদের জীবনের স্বপ্ন, পরিবারের আশা, আত্মসম্মান এবং ভবিষ্যৎকে এই প্রতীকের সঙ্গে জড়িয়ে রেখেছেন, তার হিসাব কোনো কাগজে লেখা সম্ভব নয়।
তাই জোড়া ফুলের প্রতীকটা যখন ফ্রিজ হয়ে গেল, তখন শুধু আমার নয়, আমার মতো অসংখ্য কর্মীর বুকের ভেতরটা কাল থেকে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। এই কষ্ট শুধু একটি প্রতীককে ঘিরে নয়। এই কষ্ট সেই স্মৃতিগুলোর, সেই লড়াইগুলোর, সেই ত্যাগের এবং সেই ভালোবাসার, যা বছরের পর বছর ধরে এই ফুলকে ঘিরে আমাদের কর্মীদের হৃদয়ে গড়ে উঠেছে।
কোনো সিদ্ধান্ত মানুষের স্মৃতি মুছে দিতে পারে না। কোনো পরিবর্তন বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভালোবাসাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে না। কাগজে কোনো প্রতীক বদলে যেতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা ইতিহাস বদলে যায় না। যে পতাকা আমাদের প্রিয়জনের শেষযাত্রায় থেকেছে, যে প্রতীক অসংখ্য কর্মীকে লড়াই করার সাহস দিয়েছে, যে ফুল তাঁদের পরিচয়ের অংশ হয়ে উঠেছে তাকে কোনো ফ্রিজের মধ্যে আটকে রাখা যায় না।
এই প্রতীকের প্রতি আমাদের কৃতজ্ঞতা কোনো একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা কোনো সিদ্ধান্তে থেমে যায় না। আর মানুষের হৃদয়ে যে সম্পর্ক তৈরি হয়, তাকে কোনো পরিবর্তন মুছে দিতে পারে না।
💔
All India Trinamool Congress
Mamata Banerjee | Abhishek Banerjee | Sadhan Pande | Supti Pandey