17/08/2026
প্রেস বার্তা
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কারিসুন্দা গ্রামের বাসিন্দা ৫১ বছরের শেখ মহম্মদ মাফিক বিজেপির মদতপুষ্ট গুণ্ডাদের পিটুনিতে প্রাণ হারালেন গত ১৫ই আগষ্ট — দেশের স্বাধীনতা উদযাপন দিবসে। খবরে প্রকাশ, তাঁর ছেলে শেখ আব্দুল হাফিজ গত মাসে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনে অংশ নিয়ে বাড়ি ফেরার পর নিজের গ্রামে 'স্কুল ঠিক করো' নামে একটি প্রচার আন্দোলন শুরু করেন। সেইমতো গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা ছবি তুলে তিনি সোস্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন। তাঁর এই কার্যকলাপে রুষ্ট বিজেপি সমর্থকরা প্রথমে শাঁসানি, পরে তার বাড়িতে চড়াও হয়। বাবা ও ছেলেকে প্রচণ্ড মারধর করে। গুরুতর আহত মহম্মদ মাফিককে এমনকি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতেও তারা বাধা দেয়। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই মর্মান্তিক ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছে। রাজ্যে ক্ষমতা দখলের পর বিজেপি'র নেতা-কর্মী-সমর্থকরা যেভাবে মানুষের ওপর নিপীড়ন নামিয়ে এনেছে, তাতে রাজ্যে একটি অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই নানানভাবে হম্বিতম্বি করছেন। কিন্তু বোঝা যাচ্ছে তিনি ও তাঁর দল গণতন্ত্রে বিশ্বাস করেন না। শাসক বিরোধী যে কোনরকম কার্যকলাপকে তারা টুঁটি চেপে ধরছেন। এইক্ষেত্রে দেখা গেল মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন, এতে বিজেপি জড়িত নেই। এই মন্তব্য তাঁর দলের সমর্থকদের আরো উৎসাহিত করবে। আমাদের দাবি, এই ঘটনার পক্ষপাতহীন পূর্ণাঙ্গ তদন্ত ও ধৃতদের দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি।
১৭/৮/২৬