29/01/2025
"শতফুল বিকশিত হোক"
বন্ধুগণ,
আমাদের প্রিয় সংগঠন এলিভেশন কালচারাল ফোরাম ৫ই ফেব্রুয়ারি ১৯৭৬ পথ চলা শুরু করেছিল 'Elevation' নামে একটি নিয়মিত মাসিক ইংরেজী দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে । দেওয়াল পত্রিকা থেকে মুদ্রিত সংকলন হয়ে ত্রৈমাসিক পত্রিকা 'উন্মেষ' ও পরবর্তীতে 'এখন এবার' বহুবছর নিয়মিত প্রকাশ করা ছাড়াও দীর্ঘ এই চলার পথে নিয়মিত আয়োজিত এবং পরিচালিত হয়েছে - সাংস্কৃতিক চর্চা, নাট্যচর্চা, পাঠ্য পুস্তক গ্রন্থাগার, প্রান্তিক পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার প্রভৃতি কর্মসূচী । এভাবেই পরিবর্তিত সময় ও সমাজের চাহিদাকে মান্যতা দিয়ে পরিচালিত হচ্ছে এলিভেশন চিকিৎসা কেন্দ্র, সুসংহত স্বাস্থ্য প্রকল্প, শিশু কিশোরদের জন্য 'সৃজন' অঙ্কন ও চারুকলা কেন্দ্র, মূল্যবান পুস্তক সমৃদ্ধ সাধারন গ্রন্থাগার, ইত্যাদি নানাবিধ ধারাবাহিক কর্মকাণ্ড। এছাড়াও বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন সহ সমাজপ্রগতি মূলক নানা কর্মসূচিতে নিয়োজিত থেকেছে আমাদের সংগঠন। প্রসংগত স্লাইড প্রদর্শনী সহ মহাকাশ এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন আলোচনা সভা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে "যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে " নৃত্যগীতি আলেখ্য ও বিশিষ্ট বক্তা সমন্বয়ে সেমিনার, ভূপাল গ্যাস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চিত্রপ্রদর্শনী সহ আলোচনা সভা, রাজস্থানের দেওরালা গ্রামে রূপ কানোয়ার নামে কিশোরী বধুকে সতী সাজিয়ে হত্যা করার প্রতিবাদে সাংস্কৃতিক প্রচার পদযাত্রা আয়োজন, আফ্রিকার প্রবাদপ্রতীম জননেতা নেলসন ম্যান্ডেলা সুদীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাবার পর আমাদের রাজ্যে এলে তাকে বিমানবন্দরে সম্বর্ধনাজ্ঞাপণ প্রভৃতি ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক ও গুরুত্বপূর্ণ কর্মসূচীগুলির উল্লেখ করা যেতে পারে । বিস্তীর্ণ এতদঞ্চলের জলনিকাশী সমস্যা দূর করতে নোয়াই বেসিন খাল খননের কাজ সম্পুর্নকরনেও সক্রিয় ভূমিকা গ্রহণ করে এলিভেশন । এলাকায় নলবাহিত পানীয়জল চালু হওয়ার পরেপরেই আন্ত্রিক রোগের প্রাদুর্ভাব ঘটলে তা মোকাবিলায় সংগঠনের উদ্যোগে স্থানীয় ডাক্তারবাবুদের সহযোগিতায় আন্ত্রিক রোগীদের স্যালাইন দেওয়া সহ প্রাথমিক চিকিৎসার আয়োজন করা হয় সংগঠন গৃহে এবং সেই উদ্যোগই কালক্রমে এলিভেশন চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত হয়। প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারীর সময়তো বটেই, এছাড়া অন্য সময়েও এলাকা এবং সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা শিবির আয়োজন এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এমনি আরও অনেক সামাজিক কর্মসূচী নিয়মিত পরিচালনা করে চলেছে আমাদের সংগঠন।
বলার অপেক্ষা রাখেনা, সংগঠনের এই বিভিন্ন ধারার কর্ম-কাণ্ডে স্থানীয় মানুষসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি স্বতঃস্ফুর্তভাবে যুক্ত হয়েছেন নানা ভাবে, নানা সময়ে । তাঁদের অকুন্ঠ সমর্থন, উদার সহায়তা ও সাহচর্য্য আজও পরিপুষ্ট করে চলেছে আমাদের প্রিয় এই সংগঠনকে।
আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই আমাদের সংগঠন 'এলিভেশন' এক-দুই করে ৪৯ বছর অতিক্রম করে ৫০-এ পা রাখতে চলেছে আগামী ৫-ই ফেব্রুয়ারী ২০২৫। এ আমাদের সবার কাছে এক আবেগ-উদ্বেল ঐতিহাসিক সন্ধিক্ষণ । ৫-ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু করে এক বছর ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় সংগঠন এলিভেশনের সুবর্ণজয়ন্তী বছরটি পালন করতে আগ্রহী আপনাদের সবাইকে নিয়ে, সবার সাথে। বিশ্বাস রাখি, আমাদের সংগঠনের প্রবীন ও নবীন প্রত্যেক সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ীর মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে বর্ষব্যাপী এই মহতী কর্মযজ্ঞ অবশ্যই সফল হবে। আমরা তাই সাদর আহ্বান জানাই সকল সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দকে সার্বিকভাবে, সোৎসাহে অংশগ্রহন করার জন্য । একইসাথে আমরা বেদনাহত ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের প্রিয় প্রয়াত সদস্যবন্ধুদের ও শুভানুধ্যায়ীবৃন্দকে, যাদের অক্লান্ত শ্রম এবং সহযোগিতা ছাড়া সংগঠনের এই সাফল্য সম্ভব হত না। সকল প্রয়াত সদস্য এবং শুভানুধ্যায়ীদের পরিবারের সদস্যদেরও আমরা সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানগুলির সফল আয়োজনে পাশে পেতে চাই। তাই সবারে করি আহ্বান।