Metiabruz Hilful fuzul

Directions

Metiabruz Hilful fuzul social services

🩸“ভোটের নামে রক্ত কেন?”🩸  ভোট মানে উৎসব এ কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আজ বাস্তবতা কী? ভোট এলেই পাড়া-প্রতিবে...
25/03/2026

🩸“ভোটের নামে রক্ত কেন?”🩸
ভোট মানে উৎসব এ কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আজ বাস্তবতা কী? ভোট এলেই পাড়া-প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন সকলেই যেন হঠাৎ শত্রুতে পরিণত হয়। তুচ্ছ মতভেদের কারণে শুরু হয় তর্ক, তারপর ধাক্কাধাক্কি, আর শেষ পর্যন্ত মারামারি। প্রশ্ন একটাই এই রক্ত কার জন্য?
যে বিধায়ক নির্বাচনে জিতে আসেন, তিনি পান মোটা অংকের বেতন, নানা ভাতা, গাড়ি, নিরাপত্তা, সম্মান সবকিছু। তার জীবন বদলে যায়, অবস্থান বদলে যায়, প্রভাব বেড়ে যায়। কিন্তু যে সাধারণ মানুষ ভোট দেয়, তার জীবনে কী বদল আসে? তার হাতে কি কোনো অতিরিক্ত নিরাপত্তা আসে? তার আয় কি হঠাৎ বেড়ে যায়? না বরং সে হারায় নিজের শান্তি, নিজের সম্পর্ক, কখনো নিজের নিরাপত্তাও।
সবচেয়ে লজ্জার বিষয় হলো এই সাধারণ মানুষরাই ভোটের আগে একে অপরের বিরুদ্ধে লাঠি তোলে, মারামারি করে, রক্ত ঝরায়। কার জন্য? এমন একজনের জন্য, যিনি জিতে গিয়ে নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন! নির্বাচন শেষ, কাজ শেষ তারপর সেই সাধারণ মানুষই পড়ে থাকে ভাঙা সম্পর্ক, আঘাত আর অনুশোচনা নিয়ে।
এটা কি গণতন্ত্র? নাকি আমাদের অন্ধ আবেগ আর প্ররোচনার ফল?
আমাদের বুঝতে হবে ভোট একটি অধিকার, কিন্তু সেই অধিকার রক্ষা করার নামে যদি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি, তাহলে সেটাই সবচেয়ে বড় বোকামি। যারা আমাদের উত্তেজিত করে, যারা আমাদের দিয়ে মারামারি করায় তারা কখনোই আমাদের ভালো চায় না। তারা চায় নিজেদের জয়, নিজেদের লাভ।
আজ সময় এসেছে প্রশ্ন তোলার, প্রতিবাদ করার
“আমরা কেন লড়বো? কার জন্য লড়বো?”
একটি ভোট দিন বিবেক দিয়ে, কিন্তু কোনোদিনই হাত তুলবেন না নিজের মানুষের বিরুদ্ধে। কারণ, ভোটের ফলাফল বদলাতে পারে সরকার কিন্তু একটি ভুল পদক্ষেপ চিরদিনের জন্য বদলে দিতে পারে আপনার জীবন।
#জেগেউঠুন। #প্রতিবাদকরুন।
#ভোটদিন, কিন্তু #রক্তনয়— #বিবেকের #শক্তিদিয়ে।

🌙 ঈদের আনন্দ ভাগ করে নিতে এক মানবিক উদ্যোগ 🌙মানবতার সেবাকে লক্ষ্য করে ২০২৫ সালে পথচলা শুরু করেছে মেটিয়াবুরুজ হিলফুল ফুয...
16/03/2026

🌙 ঈদের আনন্দ ভাগ করে নিতে এক মানবিক উদ্যোগ 🌙
মানবতার সেবাকে লক্ষ্য করে ২০২৫ সালে পথচলা শুরু করেছে মেটিয়াবুরুজ হিলফুল ফুযুল। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে রক্তদান সহায়তা, অক্সিজেন সিলিন্ডার পরিষেবা সহ বিভিন্ন মানবিক কাজ করা হচ্ছে, যাতে বিপদের সময় কোনো মানুষ অসহায় না থাকে।
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ কর্মসূচি
পবিত্র ঈদের দিন আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কর্মসূচি গ্রহণ করেছে মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল। কর্মসূচির স্থানঃ
(১)সফি কাঠগোলা চৌরাস্তা, (২) মাদার সাহেব মাঠ (২ নম্বর গেট)
(৩) কাঁঠালবেরিয়া বড় মসজিদ রেললাইন চৌরাস্তা
এই মহৎ উদ্যোগে এলাকার সকল মানুষকে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিই।
“মানবতার সেবায়, মেটিয়াবুরুজ হিলফুল ফুযুল সর্বদা মানুষের পাশে।” #মেটিয়াবুরুজ #হিলফুল #ফুজুল #ঈদ #শুভেচ্ছা #কর্মসূচি

মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)🌙🌙🌙এর পক্ষ থেকে সমগ্র কলকাতা মেটিয়াবুরুজ, মহেশতলা ও বন্দর অঞ...
28/02/2026

মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)🌙🌙🌙
এর পক্ষ থেকে সমগ্র কলকাতা মেটিয়াবুরুজ, মহেশতলা ও বন্দর অঞ্চলের মানুষদের প্রতি হৃদয়ের গভীর থেকে এক আবেদন
আসন্ন পবিত্র ঈদ আমাদের দ্বারে কড়া নাড়ছে। এই ঈদ কেবল নতুন পোশাক, আলোকসজ্জা বা বাহ্যিক আয়োজনের নাম নয় এ ঈদ হলো আত্মশুদ্ধির, সহমর্মিতার, ভ্রাতৃত্বের এবং আল্লাহভীতির এক পবিত্র বার্তা। অথচ বড় কষ্টের সাথে লক্ষ্য করি, কখনো কখনো এই আনন্দের প্রস্তুতি কারও চোখের জল হয়ে দাঁড়ায়। প্যান্ডেল ,ডেকোরেশন হবে, আলোকসজ্জা হবে, অনুষ্ঠানও হবে কিন্তু তা যেন কারও দীর্ঘশ্বাসের বিনিময়ে না হয়। আমরা বিনীতভাবে অনুরোধ করছি কোন অমুসলিম ভাইয়ের কাছে ঈদের নামে চাঁদা চাইবেন না। ঈদের খরচ নিজেদের সামর্থ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকুক।রাস্তায় গাড়ি থামিয়ে, চালকের উপর চাপ সৃষ্টি করে চাঁদা আদায় করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
আমাদের পাড়ায় কত অসহায়, দরিদ্র, অভাবি , কর্মহীন, ব্যক্তির রয়েছে যাদের সংসারই চলে না ঠিকমতো। তাঁদের উপর যদি আমরা জোর করি, তাদের ঘরে ঈদের আগে অশান্তি ঢুকিয়ে দিই তবে সে ঈদ কেমন ঈদ?
মনে রাখুন, আজ মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। কারও ঘরে হয়তো বাজার করার টাকাই নেই। সেই ঘরে যদি আমরা চাঁদার নামে চাপ সৃষ্টি করি, সেটা শুধু অন্যায় নয় অমানবিকও বটে।
বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও সচেতন হোন। অবৈধভাবে লাইন নেওয়া, চুরি করে আলোকসজ্জা করা এসব কাজ ঈদের পবিত্রতাকে কলুষিত করে। প্রয়োজনে নিজস্ব মিটার থেকে সংযোগ নিন, অনুমোদন নিন, কিন্তু চুরি করবেন না। হারাম উপায়ে ঈদের আলো জ্বালালে সেই আলোতে বরকত থাকে না।
আর যুব সমাজের প্রতি বিশেষ আবেদন উচ্চস্বরে ডিজে বাজানো, শব্দদূষণ সৃষ্টি করা, দলবদ্ধভাবে বাইক রেসিং করা, হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করা এসব ঈদের আনন্দ নয়, বরং মানুষের কষ্টের কারণ। ঈদ উচ্ছৃঙ্খলতার নাম নয়; ঈদ হলো সংযম ও শালীনতার শিক্ষা।
কোন রকম জুয়া, মদের আসর বা অসামাজিক কর্মকাণ্ড যেন আমাদের এলাকায় না হয়। আমরা চাই না ঈদের রাতে কোনো মায়ের বুক কাঁপুক তার সন্তানের জন্য।
বরং আমরা চাই পাড়ায় পাড়ায় অসহায়দের মাঝে মিষ্টি বিতরণ হোক। শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতা, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। সমাজের জ্ঞানী-গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হোক।এমন কাজ হোক, যাতে মানুষের হৃদয়ে ভালোবাসা বাড়ে, বিভেদ নয়।
আসুন, আমরা প্রতিজ্ঞা করি
আমাদের ঈদ হবে শান্তির, সম্মানের ও সহমর্মিতার ঈদ।
আমাদের আয়োজন কারও অপমানের কারণ হবে না।
আমাদের আনন্দ হবে অন্যের হাসির কারণ, কান্নার নয়।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং এই ঈদকে প্রকৃত অর্থেই কল্যাণময় করে তুলুন।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
#মানবতার #সেবায়, #সমাজের #কল্যাণে, #ঈদের #আনন্দে

🌙প্রথার নামে কু-প্রথা বন্ধ হোক 🌙পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়ার মাস। এই মাস আমাদের শেখায় অপচয় ...
23/02/2026

🌙প্রথার নামে কু-প্রথা বন্ধ হোক 🌙
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়ার মাস। এই মাস আমাদের শেখায় অপচয় নয়, বরং ত্যাগ ও সহানুভূতির শিক্ষা। কিন্তু দুঃখজনকভাবে মেটিয়াবুরুজ অঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু সামাজিক প্রথা আজ বহু সাধারণ, খেটে-খাওয়া ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য চরম আর্থিক ও মানসিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
রমজান মাস এলেই অলিখিত নিয়ম মেয়ের বা বোনের বাড়িতে ইফতারের জন্য ফল পাঠাতে হবে। বাজারদরের ঊর্ধ্বগতির এই সময়ে ফল পাঠানো মানে একটা বিপুল খরচ। যে ব্যক্তি সপ্তাহে মাত্র দুই হাজার টাকা আয় করে, তার পক্ষে কীভাবে সম্ভব এমন ব্যয়ভার বহন করা? নিজের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে সামাজিক চাপে পড়ে ধার-দেনা করে ফল পাঠানো কি ন্যায়সঙ্গত? সবচেয়ে কষ্টের বিষয় যদি কোনো কারণে বাপের বাড়ি থেকে ফল না যায়, তাহলে অনেক ক্ষেত্রে মেয়েকে শ্বশুরবাড়িতে কটু কথা শুনতে হয়। “বছরে একবার রোজার মাসে ফলও জোটে না”এমন অপমানজনক মন্তব্য একজন মেয়ের আত্মসম্মানে আঘাত হানে। রমজান যে সহমর্মিতার মাস, সেখানে এই মানসিক নির্যাতন কি ইসলামসম্মত বা মানবিক?
এতেই শেষ নয়। ঈদ উপলক্ষে মেয়ের শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্য কে মেয়ে, জামাই, ভাগ্না ,ভাগ্নি, শ্বশুর-শাশুড়ি, দেওর-ননদ জা, জার ছেলে মেয়ে সবার জন্য জামাকাপড় পাঠানোর এক ধরনের রীতি রয়েছে। যাদের সামর্থ্য আছে, তারা নিশ্চয়ই সানন্দে দেন তাদের কোন সমস্যা হয় না। কিন্তু যাদের সামর্থ্য নেই? তারা কি করবে,না দিলে আবার মেয়েকেই শুনতে হয় অপমানজনক কথা। মেয়ের বাবা বা ভাইদের ধার দেনা করে এই রীতি পালন করতে হয়, ফলে ঈদের আনন্দ অনেক পরিবারের কাছে পরিণত হয় দুশ্চিন্তার মাসে।
আরেকটি প্রথা হলো—মেয়ে বা বোনের সন্তান জন্মালে বাপের বাড়ি থেকে কয়েকশো পিস মিষ্টি (রসগোল্লা সহ নানা মিষ্টান্ন) পাঠাতে হবে, যা নবজাতকের আনন্দে বিতরণ করা হবে। এরপর আবার কিছুদিন পর সন্তানসহ পুরো পরিবারের জন্য পোশাক, খাদ্যসামগ্রী, এমনকি মুদিখানার জিনিসপত্র পাঠানোর চাপ থাকে। একটি সন্তানের জন্ম যেখানে আনন্দের বিষয়, সেখানে তা অনেকের জন্য আর্থিক আতঙ্কে পরিণত হয়। সন্তান আমার জন্মগ্রহণ করেছে সেখানে ব্যয় ভার মেয়ের বাবার বাড়ির লোক কেন নেবে?
প্রশ্ন হচ্ছে এই প্রথাগুলোর মূল উদ্দেশ্য কী? ভালোবাসা, সৌহার্দ্য ও সম্পর্কের বন্ধন দৃঢ় করা। কিন্তু যখন সেই প্রথাই কারও জন্য ঋণের বোঝা, অপমানের কারণ ও মানসিক কষ্টের উৎস হয়ে দাঁড়ায়, তখন তা আর শুভ প্রথা থাকে না, তা কু-প্রথায় পরিণত হয়।
ইসলাম সংযম, সামর্থ্য অনুযায়ী ব্যয় এবং অপচয় পরিহারের শিক্ষা দেয়। রমজান মাসে অযথা আড়ম্বর ও সামাজিক প্রতিযোগিতা নয়, বরং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। যে প্রথা মানুষের উপর জুলুম সৃষ্টি করে, তা পরিবর্তন করা সমাজেরই দায়িত্ব।
সময় এসেছে সচেতন হওয়ার। যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছায় করবেন কিন্তু এটিকে সামাজিক বাধ্যবাধকতা বানিয়ে কাউকে অপমান বা চাপে ফেলা মানবিক নয়। পরিবারগুলোর উচিত পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে এসব কু-প্রথা থেকে বেরিয়ে আসা।
আসুন, রমজানের পবিত্রতা রক্ষা করি।
প্রথার নামে কু-প্রথা বন্ধ হোক।
সম্মান, সহমর্মিতা ও সামর্থ্যের ভিত্তিতেই গড়ে উঠুক আমাদের সামাজিক সম্পর্ক। #রমজান #ফলমূল #জামাকাপড় #প্রথা #কুপ্রথা #বন্ধ #হোক

🇮🇳 শিশু অপহরণ 🇮🇳মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তাকলকা...
17/02/2026

🇮🇳 শিশু অপহরণ 🇮🇳
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা
কলকাতার রাজাবাজার, পার্ক সার্কাস, রিপন স্ট্রিট, মোমিনপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে শিশুদের নিরাপত্তা নিয়ে যে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। আমাদের মেটিয়াবুরুজ নাদিয়াল এলাকায় সম্প্রতি এক সন্দেহভাজন অপহরণ চেষ্টার ঘটনা স্থানীয় মানুষের তৎপরতায় সামনে আসে বলে জানা গেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল, একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে, জানাতে চায় শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা আমরা মেনে নেব না।একটি শিশুর সুরক্ষা শুধু তার পরিবারের দায়িত্ব নয়; এটি প্রশাসনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। যদি কোনো এলাকায় শিশু অপহরণের গুজব বা বাস্তব ঘটনা নিয়ে আতঙ্ক ছড়ায়, তবে প্রশাসনের কর্তব্য হলো দ্রুত তদন্ত করে সঠিক তথ্য জনগণের সামনে আনা এবং নিরাপত্তা জোরদার করা।
আমাদের দাবি:
১. মেটিয়াবুরুজ এর বিভিন্ন এলাকাগুলোতে অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধি করতে হবে।
২. স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, নার্সিংহোম ও জনবহুল এলাকায় নজরদারি আরও শক্তিশালী করতে হবে।
৩. যেকোনো অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিতে হবে।
৪. শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা প্রচার ও সরকারি সতর্কবার্তা জারি করতে হবে।
এলাকাবাসীর প্রতি আমাদের আহ্বান:
ছোট শিশুদের একা বাইরে যেতে দেবেন না।
অপরিচিত কারও প্রলোভন সম্পর্কে বাচ্চাদের সতর্ক করুন। স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে নিয়ে আসার দায়িত্বটা অভিভাবকরা পালন করুন,সন্দেহজনক কাউকে দেখলে আইন নিজের হাতে তুলে নেবেন না; সঙ্গে সঙ্গে থানায় খবর দিন।
যাচাই না করা খবর বা গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।
আতঙ্ক নয়, সচেতনতা ও ঐক্যই পারে আমাদের সন্তানদের নিরাপদ রাখতে।
উত্তেজনা নয়, সংগঠিত সামাজিক দায়িত্বই হোক আমাদের পথ।
শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজের আমানত। তাদের সুরক্ষায় আমরা সর্বদা আপসহীন এবং সজাগ থাকব।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল
(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
ছবি সংগৃহীত (google)। #শিশু #চুরি #অপহরণ #সচেতনতা #সজাগ #সতর্ক #নিরাপত্তা

🌙মেটিয়াবুরুজ থেকে শুরু হোক প্রকৃত রমজানের চর্চা।   🕋       #রমজান  #মাস  #ধৈর্য                                        ...
15/02/2026

🌙মেটিয়াবুরুজ থেকে শুরু হোক প্রকৃত রমজানের চর্চা। 🕋 #রমজান #মাস #ধৈর্য আর মাত্র কয়েকটি দিন পর আমাদের মাঝে আগমন করবে পবিত্র মাহে রমজান।সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। আল-কুরআন আমাদের শেখায়, রোজার উদ্দেশ্য কেবল ক্ষুধা সহ্য করা নয়; বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, জীবনকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।কিন্তু বাস্তব চিত্রে আমরা প্রায়ই দেখি, রমজান এলে ইবাদতের প্রস্তুতির চেয়ে খাবারের প্রস্তুতিই বেশি জোরালো হয়ে ওঠে। বিশেষ করে মেটিয়াবুরুজ অঞ্চলের বিভিন্ন বাজার—বটতলা বাজার, আক্র ফটক বাজার, কারবালা রেললাইন ,, কারবালা বাজার, গাজীপাড়া বাজার, বাধাবটতলা বাজার, রাজাবাগান বাসস্ট্যান্ড বাজার, বড় সাহেবের হাট , সফি কাঠগোলার মোড় ,বটতলা রেললাইন যুগি পাড়া সংলগ্ন এলাকা,এসব জায়গায় ইফতার ঘিরে যে অস্থির ভিড় ও কেনাকাটার প্রতিযোগিতা দেখা যায়, তা সংযমের শিক্ষার সঙ্গে যেন সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।
ইফতার মানেই যেন পিয়াজু, বেগুনি, আলুর চপ, বড়া, ডালভাজা, পাকোড়া, চিকেন ফ্রাই, রোল, কাবাব এসবের দীর্ঘ তালিকা। একেকটি ঘরে ইফতারের আগে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় শুধু ভাজাভুজি প্রস্তুতিতে। বাড়ির মায়েরা-বোনেরা সারাদিন রোজা রেখে তেলের কড়াইয়ের সামনে দাঁড়িয়ে থাকেন। অথচ রমজান তো তাদের জন্যও ইবাদতের মাস ,কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও আত্মশুদ্ধির মাস। অতিরিক্ত আয়োজনের চাপে তারা অনেক সময় সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এর সঙ্গে আরও একটি দৃশ্য আমাদের চোখে পড়ে ইফতারের ঠিক আগে হালিমের আর পপের দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন। যেন হালিম আর পপ না হলে ইফতারই পূর্ণ হয় না! আবার সেহরির সময় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নীহারী, পায়া, পুরি, রুটি, কিমা এসবের জন্য গভীর রাত পর্যন্ত ভিড় জমে। অনেকেই সেহরিকে এমন ভারী ও বিলাসী খাবারের আসরে পরিণত করেন যে, ইবাদতের চেয়ে খাওয়ার আয়োজনই মুখ্য হয়ে যায়। খাবার হারাম নয়, সুস্বাদু খাবারও নিষিদ্ধ নয়। কিন্তু যখন অতিরিক্ত ভিড় ও প্রতিযোগিতা তৈরি হয়,অপচয় বেড়ে যায়,ইবাদতের সময় কমে যায়,সংযমের বদলে ভোগের সংস্কৃতি গড়ে ওঠে,
তখন আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন।
রমজান আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে। অথচ আমরা যদি টেবিল ভর্তি ভাজা-ভূজি সাজিয়ে অর্ধেক ফেলে দিই, কিংবা হালিম,পপ,নীহারীর ভিড়ে ব্যস্ত থাকি, তবে সেই শিক্ষার বাস্তব প্রয়োগ কোথায়? অনেক পরিবার আছে, যাদের ইফতার সামান্য ছোলা, মুড়ি বা এক-দুটি খেজুরেই সীমাবদ্ধ।
আমাদের উচিত ইফতারকে সহজ ও সুন্নাহসম্মত করা খেজুর ও পানি দিয়ে শুরু, হালকা ও পরিমিত খাবার। পিয়াজু-বেগুনি-চপ থাকতেই পারে, হালিম, আর পপ,থাকতে পারে, কিন্তু সংযমের সঙ্গে। সেহরিতেও অতিভোজন নয়, বরং স্বাস্থ্যকর ও পরিমিত আহার। অতিরিক্ত আয়োজন কমিয়ে সেই সময়টুকু ইবাদতে লাগানো, এবং সাশ্রয় হওয়া অর্থ দিয়ে অভাবীদের পাশে দাঁড়ানোই হবে রমজানের প্রকৃত চর্চা।
রমজান তেলের কড়াইয়ের মাস নয়,সিজদার মাস। পপ আর হালিমের লাইনের মাস নয় তাহাজ্জুদের মাস। বাজারের কোলাহলের মাস নয় ,মসজিদের নীরব শান্তির মাস। পেট ভরানোর মাস নয় আত্মাকে জাগ্রত করার মাস।
আসুন, আমরা মেটিয়াবুরুজের প্রতিটি পাড়া-মহল্লায় সংযম, সচেতনতা ও ইবাদতের পরিবেশ গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তাওফিক দান করুন। আমিন। #রমজান #মাস #আত্মত্যাগ #সংযম #ধৈর্য #সহযোগিতা #ভ্রাতৃত্ব

🔥 মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)মানবসেবা আমাদের নীতি, আমাদের অঙ্গীকার, আমাদের ঈমানি দায়িত্...
12/02/2026

🔥 মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
মানবসেবা আমাদের নীতি, আমাদের অঙ্গীকার, আমাদের ঈমানি দায়িত্ব।এই পথে আমরা কারও প্রতিদ্বন্দ্বী নই ,আমরা সমাজের সহযাত্রী। কিন্তু বাস্তবতা হলো,সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা ভালো কাজ সহ্য করতে পারেন না।
তারা মনে করেন সমাজের নেতৃত্ব, সমাজের কাজ, সমাজের কৃতিত্ব সবকিছুই শুধু তাদের হাতেই থাকা উচিত।
অন্য কেউ এগিয়ে এলে,অন্য কেউ মানুষের পাশে দাঁড়ালে,অন্য কেউ সম্মান পেলে,তাদের অহংকারে আঘাত লাগে।এই অহংকার থেকেই জন্ম নেয় হিংসা।
হিংসা থেকে শুরু হয় অপপ্রচার।
অপপ্রচার থেকে ছড়ানো হয় বিভ্রান্তি,যাতে সাধারণ মানুষ ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত না হয়।
সমাজ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।
ভালো কাজ কারও একচেটিয়া অধিকার নয়।
মানবসেবা কোনো প্রভাব বিস্তারের মঞ্চ নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।
আল্লাহ বলেন: তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা কর।” (সূরা মায়িদা: ২)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য অধিক উপকারী।”আমরা কারও বিরুদ্ধে নয় ,আমরা অন্যায় মনোভাবের বিরুদ্ধে।আমরা বিভেদের বিরুদ্ধে।আমরা অহংকার ও হিংসার বিরুদ্ধে।আমরা ঐক্যে বিশ্বাসী।আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। আমরা কাজে প্রমাণে বিশ্বাসী।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল ইনশাআল্লাহ মানবসেবার পথেই অটল থাকবে।
অপপ্রচার আমাদের থামাতে পারবে না।
সত্যিকারের কাজ নিজের পরিচয় নিজেই দেয়।
আল্লাহ আমাদেরকে ইখলাস, ধৈর্য ও ঐক্যের সাথে কাজ করার তাওফিক দান করুন। আমিন। #মেটিয়াবুরুজ_হিলফুল_ফুজুল
#মানবসেবা_চলবেই
#অহংকার_নয়_ঐক্য
#কাজেই_পরিচয়
#ইনশাআল্লাহ

🌹🌹🌹মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শ...
12/02/2026

🌹🌹🌹
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো তোমরা। এই পরীক্ষা শুধু একটি মূল্যায়ন নয়, বরং তোমাদের স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন। দীর্ঘদিনের সাধনা, রাত জাগা পড়াশোনা আর বাবা-মায়ের দোয়া—সব মিলিয়ে আজকের এই মুহূর্ত।
আমরা দোয়া করি, আল্লাহ তোমাদের মেধা ও মনোবল বৃদ্ধি করুন, পরীক্ষায় সফলতা দান করুন এবং ভবিষ্যতের পথকে সহজ ও আলোকিত করে দিন।
ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলো সাফল্য তোমাদের হাতছানিই দিচ্ছে।
তোমরাই আগামীর আশা, তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনায়
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন) #উচ্চমাধ্যমিক #পরীক্ষা #শুভেচ্ছা #দোয়া #সাফল্য

📙 এক বাবার স্বপ্ন, এক মায়ের নিরব ত্যাগ📕আমরা অনেক সময় বড় বড় সাফল্যের গল্প শুনি,কিন্তু খুব কম মানুষ জানি সেই সাফল্যের ...
11/02/2026

📙 এক বাবার স্বপ্ন, এক মায়ের নিরব ত্যাগ📕
আমরা অনেক সময় বড় বড় সাফল্যের গল্প শুনি,
কিন্তু খুব কম মানুষ জানি সেই সাফল্যের পেছনে কতটা অভাব, কতটা কষ্ট, কতটা না-বলা ত্যাগ লুকিয়ে থাকে।
আজ লিখছি এক সংগ্রামী বাবা মহাঃ সামসুল আলম ও তাঁর পরিবারকে নিয়ে,একটি সংগ্রামী, সৎ ও পরিশ্রমী পরিবারের কথা। মুর্শিদাবাদের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মানুষটি নিজের জীবনের আরাম, ইচ্ছা, শখ সবকিছু ত্যাগ করে ,সংসার ও সন্তানের ভবিষ্যৎ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করেছেন।
তাঁর সহধর্মিণী আমিনা খাতুন একজন মা, যিনি শুধু সন্তান জন্ম দেননি,তাঁদের মানুষ করার জন্য নিজের ঘুম, নিজের স্বস্তি, নিজের সবটুকু শক্তি বিলিয়ে দিয়েছেন।দিনের পর দিন, বছরের পর বছর
১৪–১৬ ঘণ্টা ধরে সন্তানদের পাশে বসে পড়িয়েছেন।
মা, শিক্ষক, বন্ধু—সব ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েছেন। আজ তাঁদের দুই মেধাবী ছেলে আল-আমিন মিশনের খলুতপুর মেইন ব্রাঞ্চে পড়াশোনা করছে।
যে প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া মানেই
অসংখ্য ছাত্রের মধ্যে থেকে কঠোর পরিশ্রম ও মেধায় নিজেকে প্রমাণ করা।কিন্তু সত্যিটা হলো সেখানে পড়াশোনার খরচ অত্যন্ত বেশি।একজন সাধারণ চাকরিজীবী বাবার পক্ষে একাই এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সামসুল আলম কলকাতায় মেটিয়াবুরুজ এ একটি বেসরকারি প্রতিষ্ঠানে (গার্মেন্টস কারখানা)কাজ করেন।অতিরিক্ত আয়ের জন্য চা বিক্রি করেন।নিজের বড় ছেলের নামেই শুরু করেছেন ছোট্ট উদ্যোগ “প্রিন্স টি”। ছুটির দিনে গ্রামে ফিরে চাষের কাজও করেন।দিনের পর দিন পরিশ্রম ।তবু হিসাবের খাতায় প্রয়োজনের তুলনায় আয় খুবই সামান্য।একজন বাবা যখন নিজের সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে।নিজের ঘুম, শরীর, বিশ্রাম সব বিসর্জন দেন তখন সেটা শুধু দায়িত্ব নয়,সেটা এক নিঃস্বার্থ ভালোবাসার নাম।আজ এই পরিবারটি সত্যিই আপনাদের দোয়া ও সহায়তা প্রার্থনা করছে।
দুইটি মেধাবী ছেলে যারা নিয়মিত ভালো ফল করছে,
যাদের চোখে বড় স্বপ্ন তাদের পথ যেন মাঝপথে থেমে না যায়। আপনার সামান্য সহায়তা,একটি শেয়ার, একটি সহযোগিতা,একটি “প্রিন্স টি” কেনা
হয়তো এই পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।
আমরা যদি সবাই মিলে একটু করে পাশে দাঁড়াই,
তাহলে এই দুইটি স্বপ্ন ভেঙে যাবে না বরং একদিন আলোর দিশারী হয়ে উঠবে।আল্লাহ যেন এই পরিবারকে শক্তি দেন,আর আমাদের হৃদয়ে দান করার মন দেন।
📞 যোগাযোগ: +91 7478597048। #সংগ্রামী #বাবা #মা #সন্তান

01/02/2026

🇮🇳 অক্সিজেনের নামের লুট বন্ধ হোক 🇮🇳
অক্সিজেন কোনো বিলাস নয়।অক্সিজেন কোনো পণ্য নয়।অক্সিজেন মানে একটা মানুষের বেঁচে থাকার শেষ ভরসা।
আজ আমরা, মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল(সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন), যেদিন থেকে অক্সিজেন পরিষেবা শুরু করেছি, সেদিন থেকেই একের পর এক অসহায় মানুষ আমাদের কাছে আসছেন।
তাদের চোখে একটাই প্রশ্ন ভাই একটু অক্সিজেন পাবো? এই মানুষগুলো আগে অনেক জায়গায় গিয়েছেন।
কিন্তু সেখানে তারা কী পেয়েছেন জানেন?
সেবা নয় দামের তালিকা।
কেউ বলেছে,১২০০ টাকা লাগবে।
কেউ বলেছে,৮০০ টাকা ছাড়া হবে না।
কেউ আবার বলেছে,৬৫০ টাকা দিলে তবেই অক্সিজেন।”
ভাবুন একবার বাড়িতে একজন মানুষ শ্বাস নিতে পারছে না,পরিবারের লোকেরা কাঁদছে,আর বাইরে দাঁড়িয়ে কেউ অক্সিজেনের দাম হাঁকাচ্ছে।এই দৃশ্য কি সহ্য করা যায়?আজ অক্সিজেন পরিষেবার নামে কিছু অসৎ মানুষ,মানুষের কান্নাকে পুঁজি করে,মানুষের ভয়কে ব্যবসায় পরিণত করেছে।তাদের কাছে রোগীর জীবন নয় গুরুত্ব শুধু কত টাকা আদায় করা যাবে।
এই কারণেই মানুষ আমাদের কাছে আসছে।কারণ আমরা অক্সিজেনকে ব্যবসা বানাইনি।আমরা ন্যূনতম মেন্টেন্যান্স খরচে,
বাজারের তুলনায় অতি অল্প মূল্যে
শুধু মানুষের প্রাণ বাঁচানোর জন্য অক্সিজেন দিচ্ছি।
আমরা কাউকে ফিরিয়ে দিতে পারি না
কারণ আমরা জানি,একটা “না” মানে
হয়তো একটা জীবন হারিয়ে যাওয়া।
সবচেয়ে কষ্টের কথা কী জানেন?
এই দেশে আজও এমন মানুষ আছে
যারা মানুষের শেষ নিঃশ্বাসের মধ্যেও
লাভ খুঁজে বেড়ায়।
আমরা তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলি
আজ যাদের অসহায়তাকে আপনি পুঁজি করছেন,আগামীকাল সেই জায়গায় আপনিও দাঁড়াতে পারেন।
প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন অক্সিজেনের নামে এই লুট বন্ধ করুন।মানুষকে বাঁচতে দিন।
শ্বাস নেওয়ার অধিকারটা অন্তত ব্যবসার বাইরে রাখুন। আর সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ চুপ থাকবেন না।
ভয় পাবেন না।একটা জীবন বাঁচাতে আওয়াজ তুলুন।কারণ আজ কেউ অক্সিজেনের জন্য কাঁদছে,
আগামীকাল সেই কান্না আমাদের ঘর থেকেও উঠতে পারে।
অক্সিজেন ব্যবসা নয় ,অক্সিজেন মানবতা।
মানুষ বাঁচুক এটাই শেষ কথা।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল
(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
মেটিয়াবুরুজ, কলকাতা। #অক্সিজেনপরিষেবা #ব্যবসানয় #মানবসেবা

📙📗📕শবে বরাত  ও মাধ্যমিক পরীক্ষা🌙আগামী মঙ্গলবার ও বুধবার পালিত হতে চলেছে পবিত্র শবে বরাত যা ইসলাম ধর্মে একটি অত্যন্ত গুরু...
30/01/2026

📙📗📕শবে বরাত ও মাধ্যমিক পরীক্ষা🌙
আগামী মঙ্গলবার ও বুধবার পালিত হতে চলেছে পবিত্র শবে বরাত যা ইসলাম ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদতের রাত্রি, গুনাহ মাফের জন্য তওবা, ইস্তিগফার ও আল্লাহর দরবারে নিরবে ফিরে যাওয়ার রাত। এই রাত্রি উৎসব নয়, উচ্ছৃঙ্খলতার রাত নয়, বরং আত্মশুদ্ধির রাত।
কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতিবছর কলকাতার মেটিয়াবুরুজ সহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ, মাজার, গোরস্থান ও মাদ্রাসাকে কেন্দ্র করে এই পবিত্র রাত্রিকে একশ্রেণির মানুষ রাজ্য-উৎসবে পরিণত করে।
উচ্চস্বরে ডিজে বক্স, মাইক, সারারাতব্যাপী ওয়াজ মাহফিল, কাওয়ালি, গজল, সাবিনা খতমের নামে শব্দদূষণ; রাস্তাজুড়ে আতশবাজি, বোমা ফাটানো রংবেরঙের আলো এসব কিছুই শবে বরাতের শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ভয়ংকর সামাজিক ব্যাধি বাইক বাহিনীর তাণ্ডব।
উশৃঙ্খল যুবক ও কচিকাঁচা বাচ্চারা সারারাত বাইক নিয়ে দৌরাত্ম্য চালায়, যার ফলে প্রতিবছর দুর্ঘটনা ঘটে, বহু যুবক ও উঠতি বয়সের ছেলের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। তবুও শিক্ষা নেওয়া হচ্ছে না এটা নিছক অবহেলা নয়, একপ্রকার অপরাধ।
এই বছর পরিস্থিতি আরও সংবেদনশীল, কারণ ২ ফেব্রুয়ারি সোমবার থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। হাজার হাজার পরীক্ষার্থী রাত জেগে পড়াশোনা করবে, মানসিক চাপের মধ্যে থাকবে। এই সময়ে শব্দদূষণ, যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে সরাসরি তাদের ভবিষ্যতের সঙ্গে খেলা করা।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে ( 1) সমস্ত মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণকে অনুরোধ ও আহ্বান আপনারা দায়িত্বশীল ভূমিকা নিন। এই বছর কোনো মসজিদে, প্যান্ডেলে বা খোলা জায়গায় সারারাত উচ্চস্বরে মাইক বা বক্স বাজিয়ে কোনো জলসা, মাহফিল করবেন না। ইবাদত নিরবে হয় এটাই ইসলামের শিক্ষা।
(2) সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ আপনাদের যে কোনো কর্মসূচি মাদ্রাসার ভেতরেই সীমাবদ্ধ রাখুন। রাস্তা দখল করে, উচ্চস্বরে মাইক বা ডিজে ব্যবহার করে অনুষ্ঠান বন্ধ করুন।
(3) মাজার শরীফের পীর সাহেব ও পীরজাদাগণের প্রতি আবেদন অনুগ্রহ করে এই দিনে অনুষ্ঠান সীমিত রাখুন। কাওয়ালি বা গজলের নামে উচ্চস্বরে শব্দদূষণ বন্ধ করুন। শবে বরাত নীরব সাধনার রাত।
(4) স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতি কঠোর দাবি গার্ডেনরিচ থানা, মেটিয়াবুরুজ থানা, রাজা বাগান থানা, নাদিয়াল থানা, রবীন্দ্রনগর থানা ও মহেশতলা থানা আপনাদের কাছে জোরালো অনুরোধ ও দাবি জানানো হচ্ছে:
যে কোনো মসজিদ, মাদ্রাসা, মাজার বা গোরস্থানে উচ্চস্বরে লাউডস্পিকার/ডিজে/মাইক বাজানো হলে তাৎক্ষণিকভাবে বন্ধ করুন
বাইক বাহিনীর দাপট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন
পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রণ করুন
রাস্তা দখল, বেআইনি জমায়েত, আতশবাজি ও বোমাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করুন। বিয়ে বাড়ির নামেও আতশবাজি, বোমাবাজি বন্ধ করা হোক ।
ধর্মের নামে বিশৃঙ্খলা চলবে না, ইবাদতের নামে শব্দদূষণ বরদাস্ত করা হবে না,পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা মেনে নেওয়া হবে না
শবে বরাতের পবিত্রতা রক্ষা করা যেমন আমাদের ধর্মীয় দায়িত্ব, তেমনি সমাজের ছাত্রছাত্রীদের শান্ত পরিবেশ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসন, ধর্মীয় নেতৃত্ব ও সমাজ সবাই মিলে এখনই দায়িত্ব না নিলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল
(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)। #লাইক #শেয়ার #কমেন্ট

📝    মাধ্যমিক পরীক্ষা📕📗📙              মেটিয়াবুরুজ হিলফুল ফুজুলআগামী ২ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুর...
29/01/2026

📝 মাধ্যমিক পরীক্ষা📕📗📙
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল
আগামী ২ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, যা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনের প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)-এর পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।
কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক এই পরীক্ষাকালীন সময়েই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হতে চলেছে। শবে বরাত একটি মহান ইবাদতের রাত এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম কখনোই এমন কোনো আমল সমর্থন করে না, যা অন্যের ক্ষতি বা কষ্টের কারণ হয়, বিশেষত যখন তা ভবিষ্যৎ প্রজন্মের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে।
অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বিষয় হলো, শবে বরাতকে কেন্দ্র করে কলকাতার মেটিয়াবুরুজ সহ বিভিন্ন এলাকায় মাইক বাজানো, ডিজে, লাউড স্পিকার, আতশবাজি, বোমা ফাটানো, হইহুল্লোর করে এবং এই সময় পাড়ায় পাড়ায় আইপিএল ক্রিকেট ম্যাচের নামে চরম শব্দদূষণ চালানো হচ্ছে যা সরাসরি পরীক্ষার্থীদের মনোযোগ ও মানসিক শান্তি নষ্ট করে।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুলের পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি।
শবে বরাতের রাতে মাইক, লাউড স্পিকার, ডিজে বক্স ব্যবহার করা যাবেনা।
আতশবাজি, বোমা ফাটানো ও হইহুল্লো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
পাড়ায় পাড়ায় চলা আইপিএল ক্রিকেট ম্যাচ বন্ধ রাখতে হবে।
বিয়ে বা উৎসবের নামেও শব্দদূষণ বরদাস্ত করা হবে না
সমস্ত মসজিদের ইমাম সাহেবদের প্রতি জোরালো অনুরোধ করছি আগামী কাল জুমার খুতবায় এই বিষয়ে কঠোর ভাষায় প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টি করুন। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা দ্বীনি ও সামাজিক দায়িত্ব এই বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে দিন। মসজিদ কমিটির সদস্যগণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও হাজী সাহেবদের কাছে আবেদন আপনারা রাস্তায় নেমে এই অনৈতিক ও অমানবিক কাজগুলো বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিন। প্রশাসন ও সমস্ত থানার উদ্দেশ্যে স্পষ্ট দাবি:(গার্ডেনরিচ থানা, মেটিয়াবুরুজ থানা, রাজা বাগান থানা, নাদিয়া থানা, রবীন্দ্র নগর থানা, এবং মহেশতলা থানা)
পরীক্ষাকালীন সময়ে উচ্চস্বরে মাইক, লাউড স্পিকার, ডিজে, আইপিএল ম্যাচ ও আতশবাজির বিরুদ্ধে কঠোর হাতে দমন করুন।
একই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তাঘাট যানজটমুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
মনে রাখতে হবে পরীক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ইবাদত কবুল হয় না।
আসুন, আমরা সবাই মিলে সংযম, সচেতনতা ও সামাজিক দায়িত্বের পরিচয় দিই।
যাতে একজন মাধ্যমিক পরীক্ষার্থীর চোখের জল আমাদের গাফিলতির কারণে না ঝরে।
মেটিয়াবুরুজ হিলফুল ফুজুল
(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)। #লাইক #শেয়ার #কমেন্ট

Address

Metiabruz
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Metiabruz Hilful fuzul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category