11/05/2023
মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সশ্রদ্ধ প্রণাম। স্বাধীনতার পর আপনিই একমাত্র রাষ্ট্রীয় নেতা যাঁর স্বচ্ছতা, কর্মনিষ্ঠা ও দূরদর্শিতায় ভারত আজ জগত সভার শ্রেষ্ঠ আসনে আসীন । তেমনি আপনিও বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে প্রথম যে সারা বিশ্বকে অগ্রণী ও শান্তির বার্তা পৌঁছে দিয়ে ভারতীয় সংস্কৃতি ও দর্শনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনিই ক্ষমতায় আসীন হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে পদ্ম পুরস্কার প্রাপকদের নির্বাচিত করেন ও তাদের সম্মানিত করেন।
২০২০ সালে আমার সৌভাগ্য হয়েছিল এই বিরল সম্মানে সম্মানিত হওয়ার । রাষ্ট্রপতি ভবনের অলিন্দে চা চক্রে আপনার সাথে কথোপকথনে সম্পূর্ণ সরকারি সাহায্য ছাড়াই ( রাজ্য ও কেন্দ্র ) দীর্ঘ ২৩ বছর ধরে সুন্দরবনের দুর্গম ও প্রান্তিক এলাকায় স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে অনুদানের অনুরোধ রাখি। আপনি তৎক্ষণাৎ আমাকে একটি প্রজেক্ট জমা দিতে বলেন। সেইমতো একটি integrated health project in Sundarban আপনার email এ পাঠাই। কোন এক অদৃশ্য কারণে তিন মাস বাদে আমার email এ চিঠি আসে - the matter is closed now and refer to government of West Bengal. অত্যন্ত ব্যথিত হলাম। মোদীজি দীর্ঘ 23 বছর নিজের কঠোর পরিশ্রমে যে কাজ আমি করে চলেছি - সেটা পদ্ম পুরস্কার পাওয়ার জন্য নয়, সামাজিক দায়বদ্ধতার তাগিদে। সাহায্য তো দূরের কথা এমনকি পদ্ম পুরষ্কারে সম্মানিত হওয়ার পরেও সরকারিভাবে অভিনন্দন পর্যন্ত জানায়নি রাজ্য সরকার। তাই অনেক আশা নিয়ে আপনার শরণাপন্ন হই। কারণ মাসিক প্রায় লক্ষাধিক টাকার ওষুধ কিনে এই পরিষেবা দেওয়া এখন প্রায় অসম্ভব। পদ্ম পুরস্কারে একটি পদক ও মানপত্র ছাড়া অনুষ্ঠানে যাওয়া আসা ও থাকা-খাওয়ার বিশাল আয়োজন করেন ঠিকই কিন্তু এছাড়া অন্য কোন প্রকার সুযোগ সুবিধা তা সে ট্রেন বা প্লেন জার্নি হোক এমন কি চিকিৎসা বাবদ কোন সুযোগ সুবিধা পাওয়া যায় না। অথচ অন্য যে কোন পুরস্কারে একটি প্রাইজ মানি দেওয়া হয়। এমনকি আপনার স্বপ্নের 'মন কি বাত' অনুষ্ঠানে হাজিরা দেওয়ার জন্য বিরাট অংকের টাকাও আপনি খরচ করেন - যদিও সবটাই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা । তাহলে পদ্ম পুরস্কার প্রাপকরা কি অন্যায় করল ? যারা এতদিন নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়নে কাজ করে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছে আগামী দিনে তাদের এই কাজকে সচল রাখতে যে অর্থের প্রয়োজন কিভাবে সে অর্থ তারা সংস্থান করবে ? একটি মানপত্র ও মেডেল দিয়ে জাঁকজমক অনুষ্ঠান করে বিদায় দিলেই কি তাদের প্রতি যোগ্য সম্মান জানানো হলো ? তাই আপনার সমীপে আমার একান্ত অনুরোধ প্রতিটি পদ্ম পুরস্কারপ্রাপকের একটি প্রাইজ মানি ও ন্যূনতম সুযোগ সুবিধা প্রদান করা হোক। নইলে পরবর্তী প্রজন্ম দেশের অগ্রগতিতে তাদের উজ্জ্বল স্বাক্ষর রাখতে ব্যর্থ হবে। সর্বশেষে আরও একটি অনুরোধ - পদ্মভূষণ বা পদ্মবিভূষণ এ রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রাধান্য একটু কমিয়ে যারা সত্যিকারের নিজেদের জীবন বিপন্ন করে সমাজের কাজ করে চলেছেন তাদেরকে তুলে আনার চেষ্টা করুন এবং কাউকে শুধুমাত্র মন কি বাত অনুষ্ঠানে হাজিরা দেওয়ার জন্য রাজভবনে সংবর্ধনা না দিয়ে তারা সত্যিকারের কি কাজ করে অনুসন্ধান করুন, কারণ মিডিয়ার প্রচার ও বাস্তবতার মধ্যে বহু যোজন ফারাক।
আপনি প্রকৃতপক্ষে 'STATESMAN' । যাদেরকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে তারা কেউই পদ্ম পুরস্কার পাওয়ার জন্য কাজ করেনি, এমনকি আগামী দিনেও একইভাবে কাজ করবে। প্রত্যেকটি কাজের জন্য অর্থের প্রয়োজন। পদ্ম পুরস্কার পাওয়ার পরবর্তী পর্যায়ে কাজ চালানোর জন্য রাষ্ট্রের কি কিছু করণীয় নেই ? যে কোন পুরস্কারে তা সে বঙ্কিম পুরস্কারই হোক বা আনন্দ পুরস্কারই হোক এমনকি রবীন্দ্র পুরস্কার, প্রতিটি পুরস্কারের একটা প্রাইজ মানি আছে। তাহলে পদ্ম পুরস্কারের কোন প্রাইজ মানি থাকবে না কেন? জানি হয়তো এ ধরনের প্রশ্ন করে আপনাকে বিব্রত করলাম। কিন্তু কাউকে না কাউকে এ প্রশ্নগুলো একসময় তুলতেই হতো । নইলে আগামী দিনে যুবসমাজ সামাজিক কাজে উৎসাহিত হবে না।
আশা করি আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। সঠিক পদক্ষেপ নিতে পিছপা হবেন না।
শ্রদ্ধা অবনত ডাক্তার অরুণোদয় মন্ডল