07/09/2026
রাজ্যে এক বছরে ১ হাজার আরএসএস পরিচালিত স্কুল খোলা এবং প্রতি জেলায় দুটি সিএমশ্রী স্কুল খোলা প্রসঙ্গে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন:-
" রাজ্যে আট হাজারেরও বেশি সরকারি স্কুল যখন বন্ধের মুখে, শিক্ষক সংকট ও নানান পরিকাঠামোর অভাবে যখন রাজ্যের হাজার হাজার স্কুল সংকটাপন্ন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস পরিচালিত ১০০০ স্কুল ও পিএমশ্রী এর আদলে প্রতি জেলায় দুটি করে সিএমশ্রী স্কুল খোলার নিদান গোটা রাজ্যের মানুষকে অবাক করেছে। এমনিতেই আরএসএস গোটা দেশে বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক চিন্তার প্রসার ঘটাচ্ছে এবং তাদের বর্তমান পরিচালিত স্কুলগুলিকেও এরই পরিপূরক হিসাবে পরিচালনা করছে যেখানে যুক্তিবাদী ও বৈজ্ঞানিক মনন গড়ে ওঠার পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে অন্ধতা ও গোঁড়ামির জন্ম দিচ্ছে। ফলে যথার্থ শিক্ষার বিপরীতে আরএসএস এর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এজেন্ডার প্রচার ও প্রসারই আরএসএস পরিচালিত স্কুলগুলোর মুখ্য বিষয় তা সকলের কাছে স্পষ্ট। ফলে বন্ধ সরকারি স্কুল গুলোর তালা খোলা, সরকারি স্কুলগুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগ, পরিকাঠামোমানের উন্নয়নের পরিবর্তে মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণা কার্যত শিক্ষার বেসরকারিকরণের পাশাপাশি একটি হিন্দুত্ববাদী সংগঠনের আদর্শকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রচারের সুযোগ করে দেওয়ার মরিয়া প্রচেষ্টা ফুটে উঠছে। যা এরাজ্যের শুধুমাত্র শিক্ষাব্যবস্থায় নয় সামাজিক ক্ষেত্রেও গভীর সংকট নামিয়ে আনবে। এদেশের নবজাগরণের মনীষী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের সকলের জন্য ধর্মনিরপেক্ষ ,বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তাকে পদদলিতকারী সরকারের এই ঘোষণাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ত্রিপুরা,মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে যখন পিএমশ্রী স্কুলগুলো পরিকাঠামো,পর্যাপ্ত শিক্ষক ও ত্রিভাষা ফর্মুলা প্রয়োগে ভাষাগত সমস্যায় ধুঁকছে তখন একই কায়দায় সিএমশ্রী স্কুল একটা প্রোপাগান্ডামূলক কর্মসূচি।আবার এর ফলে কোথাও কোথাও একাধিক সরকারি স্কুল তুলনামূলক আরও খারাপ পরিকাঠামোয় বন্ধ হয়ে মাত্র একটি স্কুলে পরিণত হচ্ছে। কাজেই এধরনের মডেল স্কুল সরকারি শিক্ষাকে আরও সঙ্কুচিত করবে। তাই সিএমশ্রী মডেল স্কুলের ঘোষণাও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি শিক্ষাব্যবস্থা বাঁচাতে কোনোপ্রকার টালবাহানা না করে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করে স্কুলগুলোর সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং বন্ধ স্কুলগুলোর খোলার কার্যকরী পদক্ষেপ সরকারকে গ্রহণ করার দাবী জানাচ্ছি।"