17/07/2026
History - Mystery : পর্ব ৩
ছোট্ট তুতুল গত ১৫ তারিখ রাত ১২ঃ৩০ বাজতেই টিভি চালিয়ে বসলো, তার প্রীয় এমবাপ্পের খুব গুরুত্ত্বপূর্ণ সেমি ফাইনাল ম্যাচ ফুটবল বিশ্বকাপে। সে আবার স্কুলে কথা দিয়ে এসেছে ফ্রান্স জিতলে বন্ধুদের ইক্লিয়ার্স খাওয়াবে, ম্যাচের ধারাভাষ্যকার হঠাৎ বলে উঠলেন, "আজ ফ্রান্সের জন্যে এক ঐতিহাসিক দিন, বাস্তিল দূর্গের পতন হয়েছিল" (Today is a historic day for France, the Bastille fortress fell)। রাতে সেদিন ফ্রান্স হেরে গেছিল, তবে সেই বাস্তিল দূর্গের পতনের কথা ছোট্ট তুতুল ভোলেনি, আজকে সে মাকে জিজ্ঞেস করলো দূর্গের পতন কিভাবে হয়? কেন হয়? তাই আজকে সেই গল্পই বলা যাক, ১৭৮৯ সালের ১৪ই জুলাই বাস্তিল দূর্গের পতন কিভাবে হয়েছিল? ফরাসি জনতা কেন হঠাৎ অস্ত্র হাতে তুলে নিয়েছিল? কেনই বা তাদের লক্ষ্য হয়েছিল বাস্তিল দুর্গ?
ফ্রান্সে তখন মারাত্মক খরা। রুটি ও সাধারণ খাবারের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে গরিব মানুষের পক্ষে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়েছিল। যখন সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে, তখন রাজা ষোড়শ লুই ও রানী মেরি আঁতোয়ানেত ভার্সাই প্রাসাদে বসে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। সাধারণ মানুষের ওপর বসানো হয়েছে করের বিশাল বোঝা, অথচ অভিজাতদের কোনো ট্যাক্স দিতে হতো না। পরিস্থিতি সামলাতে রাজা প্যারিসের রাজপথে বিদেশী ভাড়াটে সৈন্য মোতায়েন করেন। চারদিকে গুজব রটে যায়—যেকোনো মুহূর্তে রাজার বাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাবে। নিজেদের বাঁচাতে সাধারণ মানুষ হাসপাতাল ও অস্ত্রাগার লুঠ করে প্রায় ৩০,০০০ বন্দুক জোগাড় করে। কিন্তু খালি বন্দুকে কী যুদ্ধ হয়? তাদের কাছে তো কোনো বারুদই ছিলো না। খোজ নিয়ে জানা গেল সেই বারুদ মজুদ আছে বাস্তিল দুর্গে!
প্যারিসের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে থাকা আটটি বিশাল টাওয়ার ও চওড়া পরিখা ঘেরা মধ্যযুগীয় 'বাস্তিল দুর্গ' (Bastille) ছিল একাধারে বারুদের গুদাম আর রাজকীয় জেলখানা। সাধারণ মানুষের কাছে এটি ছিল রাজার অত্যাচার ও অন্ধকূপের এক বিভীষিকাময় আতঙ্ক। কিন্তু কথায় আছে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের মন থেকে সর্বপ্রথম যে চেতনাটি হারিয়ে যায়, তা হল ভয়। ১৪ই জুলাই দুপুরের দিকে হাজার খানেক ক্ষুব্ধ মানুষ দূর্গ ঘিরে ফেললো, যেভাবেই হোক না কেন, দূর্গের মধ্যে ঢুকতেই হবে। দুর্গের গভর্নর ল্যুনে প্রথমে শান্ত করার চেষ্টা করলেও জনতার উত্তেজনার পারদ তখন আকাশ ছুঁইয়েছে। হঠাৎ একদল মানুষ দুর্গের বাইরের ড্র-ব্রিজের (Drawbridge) চেন কুড়াল দিয়ে কেটে দেয়। বিকট শব্দে ভারী সেতুটি আছড়ে পড়তেই জনতা ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই দুর্গের ওপর থেকে গর্জে ওঠে রক্ষীদের বন্দুক আর কামান! চারদিকে ছিটকে পড়ে রক্ত।
কিন্তু ফরাসি জনতার সেই ক্ষোভের আগুনের সামনে কামানের গোলাও সেদিন হার মেনেছিল।
বিকেলের দিকে পরিস্থিতি পুরোপুরি বদলে গেল, যখন রাজার নিজেরই একদল ফরাসি সৈন্য কামান নিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াল!
বিপ্লবীদের কামানের মুখ যখন বাস্তিলের মূল ফটকের দিকে তাক করা হলো, গভর্নর ল্যুনে বুঝলেন আর কোনো আশা নেই।
বিকেল ৫টায় বাস্তিল দুর্গের পতন হলো। উন্মত্ত জনতা ভেতরে ঢুকে রক্ষীদের খতম করল, মুক্ত করে দিল বন্দিদের।
বাস্তিল জয় করেই ক্ষান্ত হয়নি ফরাসি জনতা। তারা ক্রোধের বশে দুর্গের একেকটি ইট হাত দিয়ে, হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে শুরু করল। বাস্তিলের সেই ভাঙা পাথরগুলো পরে বিক্রি হয়েছিল বিজয়ের স্মারক হিসেবে!
সেই রাতে যখন রাজা ষোড়শ লুইকে তাঁর এক মন্ত্রী এই খবর দেন, রাজা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, "সে কী! এটা কি কোনো বিদ্রোহ?"
মন্ত্রী উত্তর দিয়েছিলেন, "না মহারাজ, এটা বিদ্রোহ নয়, এটা বিপ্লব!"
[The King asked in surprise, "What's this! Is this a revolt?"
The Minister replied, "No Your Majesty, it is a revolution!"]
বাস্তিল দুর্গের এই পতন কেবল একটা জেলখানা ভাঙার গল্প ছিল না, এটা ছিল সাধারণ মানুষের ক্ষমতার কাছে এক স্বেচ্ছাচারী রাজতন্ত্রের মাথা নত করার গল্প। এই দিনটিই বদলে দিয়েছিল আধুনিক পৃথিবীর ইতিহাস, জন্ম দিয়েছিল সাম্য, মৈত্রী আর স্বাধীনতার অমর বাণী।
বন্দুকের জোরের চেয়েও কি মানুষের একতার শক্তি বেশি? ইতিহাসের এই রোমাঞ্চকর মোড় সম্পর্কে আপনার কী মতামত? কমেন্ট বক্সে আমাদের জানান!
আমাদের ভারত হাউজিং পাঠাগার-এর পেজে চোখ রাখুন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন আরও বহু অজানা থ্রিলারের খোঁজে। 📝✨