10/02/2026
প্রেস রিলিজ
‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম সশস্ত্র বাহিনী বিভাগকে হস্তান্তর
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। দেশে ও দেশের বাইরে দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ পেশাদারিত্ব, দূরদর্শিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় এই সফলতার এক উজ্জ্বল উদাহরণ। প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন এবং পুনর্গঠন প্রতিটি পর্যায়ে সমন্বিত ও সুসংগঠিত পরিকল্পনা এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করেছে। সম্প্রতি সংঘটিত ফেনীর বন্যা, মাইলস্টোন স্কুলে অগ্নিনির্বাপনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণকে আরও কার্যকর ও ফলপ্রসু করার জন্য দীর্ঘদিন ধরেই সরকার সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর ধারাবাহিকতায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ০৯০০ ঘটিকায়, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাসে জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনাব মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর উপস্থিতিতে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত সরঞ্জাম হিসেবে ০৩টি ডোজার - ২০ টন, ০৩টি ডোজার হেভি - ৪৮ টন এবং ০৩টি ফর্ক লিফ্ট - ১৫ টন বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীতে সংযোজিত হলো। ইতোপূর্বেও সশস্ত্র বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ে ভারী ও হালকা যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছিল। হস্তান্তরকৃত সরঞ্জামসমূহ দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হিসেবে দ্রুত উদ্ধার, ধ্বংসস্তুপ অপসারণ, ভূমিধস ও আবর্জনা দ্রুত অপসারণসহ জরুরি যান চলাচলের জন্য রাস্তা পরিস্কার করতে এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা অপারেশন এলাকা প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এই পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ সহনশীল, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে উঠবে।