27/07/2026
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৭ জুলাই ২০২৬
স্থান: কোডেক, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ঋণের কিস্তি আদায় বন্ধকরণসহ সরকারের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের (এমএফআই) প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন, সভাপতিত্ব করেন কোডেক এর নির্বাহী পরিচালক জনাব খুরশীদ আলম, পিএইচ.ডি এবং সভাটি সঞ্চালনা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও, উক্ত অনুষ্ঠান সফলভাবে পরিচালনার ক্ষেত্রে অথরিটির সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রধান আলোচকের বক্তব্যে জনাব হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং একটি মানবিক কর্তব্য যা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো বরাবরই করে আসছে। সাম্প্রতিক এ অঞ্চলের বন্যায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং সার্বিক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এবং সদাশয় সরকারের নির্দেশনা অনুসরণে করণীয় বিষয় অন্তর্ভুক্ত করে এমআরএ সার্কুলার লেটার নং-৮৫ জারি করে যার বাস্তবায়ন সরকার পর্যবেক্ষণ করছেন মর্মে তিনি উল্লেখ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায় স্থগিত, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান এবং গ্রাহকদের জীবিকা পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক বিশেষ করে প্রতিটি শাখায় উক্ত সার্কুলারের কপি বিতরণপূর্বক সার্কুলারের নির্দেশনাসমূহ যথাযথভাবে ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সদাশয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নহ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সেক্টরের উপর গুরুত্ব দিচ্ছেন এবং ডিজিটাল ট্রান্সফরমেশনসহ সেক্টরের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পলিসি সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন মর্মে তিনি বলেন।
সভাপতির বক্তব্যে জনাব খুরশীদ আলম, পিএইচ.ডি বলেন, দুর্যোগকালীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সকল প্রতিষ্ঠানের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার আহ্বান জানান এবং বর্তমান পর্যায়ে পুনর্বাসন কাজে মনোযোগী হওয়ার অনুরোধ করেন।
সভা সঞ্চালনাকালে এমআরএ'র পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সার্কুলার লেটার নং-৮৫ এর বিভিন্ন নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা প্রণয়ন, কিস্তি স্থগিতাদেশ কার্যকর, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং গৃহীত পদক্ষেপের অগ্রগতি নিয়মিতভাবে অথরিটিকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় সর্বজনাব মনোয়ারা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রত্যাশী, ড. মোঃ আরিফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইপসা, আফতাবুর রহমান জাফরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ঘাসফুল, রেজিয়া বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা বনফুল, মোঃ আলমগীর, প্রদান নির্বাহী কর্মকর্তা অপকা এবং এ অঞ্চলে কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ে চলমান কার্যক্রম, বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পুনর্বাসনে গৃহীত উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন যেখানে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষাধিক গ্রাহক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রমের বিস্তারিত তথ্যচিত্র বর্ণনা করা হয়। উপস্থিত প্রতিনিধিগণ এমআরএ'র তথা সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সকল প্রতিনিধি একমত পোষণ করেন যে, সমন্বিত উদ্যোগ, মানবিক সহায়তা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থ-সামাজিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা সম্ভব হবে।